গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি হোটেলে দিনেই ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের এক সদস্যকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকার জমিদার হোটেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হোটেলটিতে হানা দেয়। তারা হোটেলে থাকা নগদ টাকা ও মালামাল লুটের চেষ্টা করলে হোটেলের কর্মচারীরা চিৎকার শুরু করেন। তাঁদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতদের ধাওয়া করেন।
এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সামিউল হোসেন সৌরভ (৩০) নামে এক সদস্যকে আটক করতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা ওই ডাকাতকে গণধোলাই দিয়ে কালিয়াকৈর থানা-পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের সদস্য সৌরভকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








