প্রবাস থেকে যে বাড়িতে হাসিমুখে ফেরার কথা ছিল, পরিবারের সবাই মেতে ওঠার কথা ছিল উচ্ছ্বাসে, সে বাড়িতে এখন শোকের মাতম, কান্নার রোল। প্রবাস থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন প্রিয়জনরা। কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাটের পাঁচ রেমিট্যান্সযোদ্ধা। মঙ্গলবার অশ্রুসজল এলাকার হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন- জিবাল উদ্দিন, জসিম উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। উল্লেখ্য, ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এ পাঁচ প্রবাসীসহ মোট ছয়জন নিহত হন।








