টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে কয়েক দিনের ব্যবধানে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বেড়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ৯০ দশমিক ৩১ ফুট বা এমএসএল (মিন সি লেভেল), যা রুলকার্ভ অনুযায়ী পাঁচ ফুট বেশি উচ্চতায়। এ সময়ে হ্রদে পানি থাকার কথা ৮৫ ফুট। পর্যাপ্ত পানি বাড়ায় তিন দিনের ব্যবধানে কেন্দ্রে আরও ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটির সবকটি ইউনিট সচল রেখে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ২৪২ মেগাওয়াট। জানা যায়, গত এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় এর মধ্যে দুদফায় উৎপাদন বেড়েছে। এর আগে গত মঙ্গলবার কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল করে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। শুক্রবার সকালে আরও ৩৫ মেগাওয়াট বেড়ে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ৯০ দশমিক ৩১ ফুট। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে হ্রদে পানি থাকার কথা ৮৫ দশমিক ৪৪ ফুট। হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট বা এমএসএল।