রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনার চার ঘণ্টা পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সড়কে সব ধরনের যান চলাচল শুরু হয়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এই তথ্য জানান।
আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় গাছ উপড়ে পড়ায় এবং পাহাড়ের মাটি ধসে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দেড়টার দিকে হালকা যানবাহন এবং আড়াইটার দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, প্রথমে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক সচলের কার্যক্রমে অংশ নেন। এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন।








