রাজধানীর বংশালে একটি পোশাক কারখানার বাথরুম থেকে মো. শামীম (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের
তাকে হাসপাতালে নিয়ে আসা আরেক শ্রমিক রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শামীম কারখানার বাথরুমে যান। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি বের না হওয়ায় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে মুন্না নামের এক সহকর্মী ছোট ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, শামীম গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাইপের সঙ্গে ঝুলে আছেন।
পরে দ্রুত বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাশেদুল ইসলাম আরও জানান, নিহত শামীম শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রানীগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে। বংশালের নাজিরা বাজার চৌরাস্তা সংলগ্ন ইদ্রিস প্লাজার ৭ম তলায় রাজু ফ্যাশন নামে পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কেএজেডআইএ/ইএ








