কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এতে করে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে। তিনি বলেন, এর ফলে আমাদের বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে। তবে তিনি বিদ্যুৎকেন্দ্র দুটির নাম উল্লেখ করেননি। রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিদ্যুৎমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এটা একটা জাতীয় সংকট। আসুন আমরা সবাই মিলে এই সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। আশা করছি, দুদিনের মধ্যে এ অবস্থার উন্নতি হবে। উন্নতি হলে লোডশেডিংয়ের চাপ কমে যাবে।

বিদ্যুৎকেন্দ্র বন্ধের বিষয়ে ইকবাল হাসান বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিক হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হবে। বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতির কারণে কয়লা আনলোড করতে না পারায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি বলেন, এতে করে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে।