কিশোরগঞ্জের করিমগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা। ২৫ অক্টোবর রাতে কিশোরগঞ্জ বন্ধুসভার সদস্য ও উপদেষ্টারা করিমগঞ্জ উপজেলার কান্দাইল বাকপাড়া এলাকায় ছুটে যান। সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক গোলাপ মিয়া, পুরোনো কাগজ বিক্রেতা নূরে আলম ও গাড়িচালক সাইফুল ইসলামের হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পৃষ্ঠপোষকতা করেছেন বন্ধুসভার উপদেষ্টা ও সমাজসেবক মো. জাকারিয়া।

এ সময় বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, উপদেষ্টা মো. আল আমিন, বন্ধু আব্দুল কাদির, আজহারুল ইসলাম, মো. রুবেল, সাজু আশরাফ, হানিফ মিয়া, চান মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।

জানা যায়, ২২ অক্টোবর দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে কৃষক গোলাপ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের পুরোনো কাগজ বিক্রেতা নূরে আলম ও গাড়িচালক সাইফুল ইসলামের বসতঘরে। এতে ঘরে থাকা টাকাসহ প্রয়োজনীয় সব আসবাব ও টিনের ঘরের চালাসহ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েন ভুক্তভোগী তিন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বন্ধুসভার উপদেষ্টা মো. জাকারিয়া বলেন, ‘হঠাৎ অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ ক্ষতির মুখে পড়েছে তিনটি পরিবার। তাঁদের এই বিপদের সময়ে পাশে দাঁড়াতেই  প্রাথমিকভাবে একেকটি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে ক্ষতির তুলনায় এ টাকা খুবই সামান্য।’ এ সময় তিনি অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এই তিন পরিবারের পাশে প্রশাসনসহ সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

কিশোরগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ।

আর্থিক সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোলাপ মিয়া কিশোরগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জাকারিয়াসহ বন্ধুসভার অন্যান্য সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জরুরি কাজে তাঁর ঘরে থাকা লক্ষাধিক টাকাসহ প্রয়োজনীয় সব আসবাব ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ তাঁরা এ বিপদে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েছেন। এ ক্ষতি তাঁরা কীভাবে কাটিয়ে উঠবেন সেই চিন্তায় আছেন। তবে এমন বিপদের সময়ে বন্ধুসভার আর্থিক সহায়তা কিছুটা হলেও তাঁদের উপকারে আসবে বলে জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর।