চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ’ নামে একটি মাছ ধরা জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণ ঘটেছে। এতে আগুনে কর্মরত ছয় নাবিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় নগরীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ ঘটনা ঘটে। রাতে জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ‘এফভি দেশ’ আমেনা ফিশিং লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন।

দগ্ধরা হলেন জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। এর মধ্যে আশিকুজ্জামান তামিম, রুবেল ও শাহ আলমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

‘এফভি দেশ’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ যুগান্তরকে বলেন, আমেনা ফিশিং লিমিটেডের দুটি জাহাজ পাশাপাশি নোঙর করে রাখা ছিল। প্রতিদিনের মতো ‘এফভি দেশ’ জাহাজে তিন নাবিক ইঞ্জিনরুমে রুটিন কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন লেগে যায়। আগুন এফবি দেশ থেকে এফবি ডিজনি নামক জাহাজেও ছড়িয়ে পড়েছিল। পরে ফায়ার এক্সটিংগুইশার এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল এবং জেনারেটর চালু ছিল। ধারণা করছি, জেনারেটর থেকেই বিস্ফোরণ ঘটেছে।

৬ দগ্ধকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইঞ্জিনরুমে যারা কর্মরত ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক।