কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর কমিউনিটি ক্লিনিকটি প্রায় বন্ধ থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে ও ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কয়েক হাজার চিকিৎসা সেবাপ্রত্যাশীরা। ক্লিনিকটিতে সেবা না পেয়ে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করছেন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। সরেজমিন সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে ধর্মপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। বাইরে অপেক্ষায় আছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা। বেলা ১১টার দিকে সেখানে আসেন খাড়েরা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক জোবায়ের মাহমুদ তপন। এরপর তিনি উপস্থিত স্থানীয় বাসিন্দার মাঝে ওষুধ বিতরণ শুরু করেন। স্থানীয় বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার, শিপন মিয়ার স্ত্রী কুলসুম বেগম, এরশাদ মিয়ার স্ত্রী মরিয়ম, সিরাজুল ইসলামের স্ত্রী সোনিয়া আক্তার এবং ক্লিনিক সংলগ্ন দোকানদার কাজী ইয়াসিনসহ একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ক্লিনিকটি সপ্তাহে দুই দিনও ঠিকঠাক খোলা হয় না। সামান্য জ্বর-সর্দির ওষুধ কিংবা প্রাথমিক চিকিৎসার জন্যও দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ক্লিনিকের সাবেক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার তানজিনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় গত মার্চ মাসে তাকে অন্যত্র বদলি করা হয়। এরপর থেকে ওই শূন্য পদে নতুন কোনো কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় ক্লিনিকে এই অচলাবস্থা তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিদর্শক জোবায়ের মাহমুদ তপন জানান, বর্তমানে লোকবল সংকটের কারণে স্বাস্থ্য সহকারী ফারজানা তাবাসসুমকে দিয়ে সপ্তাহে মাত্র ২ দিন এখানে ডিউটি করানো হচ্ছে। নিয়ম অনুযায়ী আমার মাসে একবার পরিদর্শনে আসার কথা থাকলেও, অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমি নিয়মিত এসে এলাকার মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। সপ্তাহে ২ দিনও ক্লিনিক বন্ধ থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন জাতীয় ও বিশেষ টিকাদান ক্যাম্পেইন থাকার কারণে অনেক সময় ওই ২ দিনও ক্লিনিক খোলা সম্ভব হয় না। তবে আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম মাধ্যম এবং এগুলো নিয়মিত চালু রয়েছে। ধর্মপুর ক্লিনিকের এই সমস্যার বিষয়টি আপনার মাধ্যমেই প্রথম অবগত হলাম। আমি দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।







