গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত নারী কয়েদি রিম্পাকে (২১) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

রোববার (১৯ জুলাই) রাতে র‍্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম. মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, গত ১৬ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পা রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল রোববার বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জানা যায়, রাজধানীর ধানমন্ডি থানার একটি সিআর মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। তবে ১৬ জুলাই তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

এ ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার কর্তৃপক্ষ ১৭ জুলাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি পেনাল কোডের ২২৪ ধারায় দায়ের করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতার রিম্পার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিটি/এমএসএম