গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পাকে রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-২ এর একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত কর্মকর্তারা হলেন-মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে দণ্ড ভোগ করছিলেন।




