কালিয়াকৈরে গৃহবধূ সম্পা আক্তার আরিফার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলার আসামি স্বামী মিরাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সিঙ্গাপুরে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, শনিবার উপজেলার সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে সম্পা আক্তার আরিফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অহিদুজ্জামান থানায় মামলা করেন। মামলার পরপরই আসামি যাতে বিদেশে যেতে না পারে এ জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করা হয়। ওসি সহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহতের স্বামী মিরাজুল ইসলাম রাসেল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ছিল। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে আত্মহত্যার একটি ধারণা পাওয়া গেলেও এটি হত্যা কিনা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।








