চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-৭ পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রফিকুল ইসলাম বান্দরবান জেলার লামা উপজেলার কেয়াজু পাড়ার বাসিন্দা। তিনি বাহির সিগন্যাল বেপারী পাড়া শ্যামলী আবাসিক এলাকার মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদরাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই মাদরাসার ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, গত ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করা হয়। পরে বিষয়টি পরিবারকে জানালে ভুক্তভোগীর মা বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম চান্দগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
এমআরএএইচ/এমআইএইচএস








