অক্ষয় কুমার অভিনীত আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। একঝাঁক তারকা নিয়ে পরিচালক আহমেদ খান এটি নির্মাণ করেছেন। গত ২৬ জুন, ভারতের ৩ হাজার ২০০ পর্দায় মুক্তি পেয়েছে এটি। প্রায় ১৮ বছর পর এ সিনেমার মাধ্যমে আবারো একসঙ্গে বড় পর্দায় ফিরেছেন অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন।  

মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার আর্চিকা খুরানা, নিউজ১৮-এর তিতাস চৌধুরী, বলিউড হাঙ্গামা পাঁচে রেটিং দিয়েছে ৩.৫। হিন্দুস্তান টাইমসের ঋষভ সুরি, ফাস্টপোস্টের বিনম্র মাথুর পাঁচে রেটিং দিয়েছেন ৩। তবে এনডিটিভির শৈবাল চ্যাটার্জি, ইন্ডিয়া টুডের বিনীতা কুমার পাঁচে রেটিং দিয়েছে ২.৫। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে এটি। চলুন জেনে নিই, ১০ দিনে কত টাকা আয় করল সিনেমাটি—  

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা ১০ দিনে ভারতে আয় করেছে ১৩৬.৮০ কোটি রুপি (গ্রস), বিদেশে আয় করেছে ২৯.৯৫ কোটি রুপি (গ্রস)। ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৬৬.৭৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকা।  

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা আয় করে ১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২৪.৭৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে আয় করে ৮.২৫ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে আয় করে ৮.৫০ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করে ৫.৭৫ কোটি রুপি (নিট), সপ্তম দিনে আয় করে ৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে আয় করে ৪ কোটি রুপি (নিট), নবম দিনে আয় করে ৭ কোটি রুপি (নিট), দশম দিনে আয় করে ৯ কোটি রুপি (নিট)। ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৩৮.২৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৭৮ কোটি ৮১ লাখ টাকা। 

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মাল্টিস্টারার বলিউড সিনেমা। ৩২ জনের বেশি বলিউডের নামকরা অভিনয়শিল্পী এতে কাজ করেছেন। এ তালিকায় রয়েছেন—অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি, জনি লিভার, রাজপাল যাদব, শ্রেয়স তলপাড়ে, তুষার কাপুর, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, লারা দত্ত, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, মুকেশ তিওয়ারি প্রমুখ। 

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ প্রযোজনা করেছেন ফিরোজ নাদিয়াদওয়ালা। অক্ষয় কুমার জানিয়েছেন, সিনেমাটি নির্মাণ ব্যয় হয়েছে ১১৫ কোটি রুপি। আর তিনি এই সিক্যুয়েলে অভিনয়ের জন্য এক রুপিও নেননি।  

২০০৭ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম’। ২০১৫ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম ব্যাক’। প্রায় ১১ বছর পর সিনেমাটির নতুন সিক্যুয়েল নির্মিত হয়েছে। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটো পার্ট নির্মাণ করেছিলেন আনিস বাজমি।