ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক অসুস্থ হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
শনিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী বিপ্লব জানান, নিহত আব্দুল মান্নান কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুল মান্নানের হাজাতি নম্বর ২০২৭৫/২৬। তার বাবা নাম জয়লান আবেদনী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখণ্ড এলাকায়। নবাবগঞ্জ থানার একটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
এসএনআর








