ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়া হাজতির নাম মো. সজিব (২৮)। তার বাবার নাম মো. সুলতান মিয়া।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সজিব বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন
চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু
সুজন নামের এক কারারক্ষী বলেন, ‘সজিব কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজাতি নম্বর ২০১৩৬/২৬। তবে কী মামলায় সে কারাবন্দী ছিল এ বিষয়ে বলতে পারবো না।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএজেডআইএ/একিউএফ/জেআইএম








