বিশ্বকাপের নকআউট পর্বে আজ (শুক্রবার) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আফ্রিকার চমক কেপ ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হবে ম্যাচটি।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এবারের আসরে খেলছে লিওনেল স্কালোনির দল। গ্রুপ পর্বে নিজেদের সেরাটা দেখিয়ে নকআউটে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা এখন শুরু করতে যাচ্ছে শিরোপা ধরে রাখার কঠিন লড়াই।

এই ম্যাচটি স্কালোনির জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে এটি তার ১০০তম ম্যাচ। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচে পরিণত হয়েছেন।

মেসি-লওতারো জুটির ওপর ভরসা

নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে। গোলবারে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে থাকছেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা। আর আক্রমণভাগে জুটি বাঁধবেন অধিনায়ক লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ।

চমক দেখাতে প্রস্তুত কেপ ভার্দে

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠে ইতিহাস গড়া কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ পর্বে উরুগুয়েকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি।

দলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের বহুজাতিক স্কোয়াড। ২৬ সদস্যের দলে ১৪ জন ফুটবলারের জন্ম কেপ ভার্দেতে নয়। ইউরোপের বিভিন্ন দেশে জন্ম ও বেড়ে ওঠা কেপ ভার্দিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে দল গঠন করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গসহ ইউরোপের বিভিন্ন লিগে খেলা এসব ফুটবলারদের নিয়েই শক্তিশালী দল গড়ে তুলেছেন কোচ বুবিস্তা।

কেপ ভার্দের সম্ভাব্য একাদশ

ভোজিনহা; স্টিভেন মোরেইরা, ডিনি বোর্জেস, রবার্তো লোপেস, সিডনি কাবরাল; কেভিন লেনিনি, জামিরো মনতেরো; রায়ান মেন্ডেস, তেলমো আরকাঞ্জো, গ্যারি রদ্রিগেজ; লিভ্রামেন্তো।

আইএইচএস/