খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজারে বিক্রির জন্য বাজারে আনা একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকালে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, স্থানীয় কয়েক বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বাজারে কচ্ছপটি দেখতে পেয়ে বন বিভাগে যোগাযোগ করেন। বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত মাছ বহনের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হলুদ বর্ণের কচ্ছপটি মহাবিপন্ন প্রজাতির। এটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারান্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তি জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির, সে বিষয়ে তার ধারণা ছিল না। তিনি একটি নালার পাশ থেকে ধরে বিক্রির জন্য এটি বাজারে এনেছিলেন।
মেরুং রেঞ্জের বন কর্মকর্তা বলেন, এ ধরনের কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এর সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন’র লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।







