খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। এসময় ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্য ও নিজস্ব সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে উপজেলার ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্প থেকে একটি সেনা টহল দল বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর টহল দল জঙ্গলের ভেতর সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা শনাক্ত করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও কলসি, রান্নার পাতিল, ওষুধপত্র, এলআরপি তাবুসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান শেষে সেনা সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রবীর সুমন/এফএ/এএসএম