রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ধাক্কায় তন্ময় বর্মন (৩১ ) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরি পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে সকালে গাজীপুরের নিজ বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তার পা পিছলে যায়। পরে তার বাম পা ট্রেনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের গ্রাম বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকায়। তাপস বর্মনের ছেলে তন্ময়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/এসএনআর