ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিসিআইসি ও বিএডিসির ১৩ জন সার ডিলারকে নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা ইমাম হোসেন যতি।সভায় ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও সারের চাহিদার কথা তুলে ধরেন। তারা জানান, কৃষকদের চাহিদার তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ না পাওয়ায় অনেক সময় মাঠপর্যায়ে সংকটের সৃষ্টি হয়। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে তারা সারের সরবরাহ বৃদ্ধি এবং বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করার দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, ‘কৃষি ও কৃষকবান্ধব সরকার গঠনে সার সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। মহেশপুর-কোটচাঁদপুরের কৃষকেরা যাতে কোনো ধরনের সার সংকটে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ডিলারদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’সভায় মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মো. সরোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডিলাররা উপস্থিত ছিলেন।\
রাজনীতি
মহেশপুরে সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন







