চট্টগ্রামে এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি ওই মাদ্রাসার হেফজ বিভাগের একজন শিক্ষক ছিলেন। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর কর্মকর্তা এআরএম মোজাফফর হোসেন।

মোজাফফর হোসেন বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় এক শিক্ষার্থীকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত শনিবার চান্দগাঁও থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর মা। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২ জানুয়ারি রাতে অভিযুক্ত ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। পরে মারধরের ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এর আগেও ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ ৯ জুলাই আবারও ধর্ষণের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী বাধ্য হয়ে পরিবারকে জানায়।