জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৪১৩টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে তিন হাজার ৪১৩টি মামলা, ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে চার লাখ ৬১ হাজার ৪২২টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে চার হাজার ৬৪৫টি মামলায় সরকারি খরচায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সব মিলিয়ে সরকারি খরচে চার লাখ ৬৯ হাজার ৪৮০ মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকার খরচায় পাঁচ লাখ ৮৪ হাজার ৪৫৯ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
এফএইচ/এমকেআর








