ঢাকার মেট্রোরেলের বিভিন্ন স্টেশন ও পিয়ার পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম। এসময় তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি স্টেশনের নিচের ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
গতকাল সোমবার (২০ জুলাই) মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশন এবং জাতীয় সংসদ ভবন-সংলগ্ন ৪২৩ নম্বর পিয়ার ও আগারগাঁও স্টেশন-সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ার সরেজমিনে পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার (২১ জুলাই) ডিএমটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল জানায়, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এবং সেফটি অডিট কমিটির প্রতিবেদনের আলোকে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। একই সঙ্গে স্টেশনের নিচের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
আরও পড়ুন
কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে এখনো পানি
এসময় তিনি সংসদ ভবন-সংলগ্ন ৪২৩ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড এবং আগারগাঁও-সংলগ্ন ৩৪১ নম্বর পিয়ারের পিয়ার হেডে থাকা ক্র্যাক ম্যানলিফটের মাধ্যমে সরেজমিনে পরীক্ষা করেন। তিনি নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মেট্রোরেলের অবকাঠামো ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের প্রতিটি অবকাঠামো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করা হয়। যাত্রীদের আস্থা বজায় রাখা এবং নিরাপদ গণপরিবহন সেবা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে এমআরটি লাইন-১-এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান, ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) মো. নজরুল ইসলাম, এমআরটি লাইন-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালকরা, প্রকল্পের পরামর্শক এনকেডিএম অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং টিম লিডার তাকায়ুকি ফুজিতোমি ও ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/এমকেআর








