খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক চাপায় ইজি বাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. শেখ দিদারুল হক (৩০) এবং তাপস হোর (৬০)।
মঙ্গলবার (৭ জুলাই) আনুমানিক বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি তৌহিদুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকটি খুলনাগামী ছিলো এবং ট্রাকটি সাতক্ষীরাগামী। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো। ট্রাক ও ইজিবাইক চলন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের নিচে চাপা পড়ে ইজিবাইক দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটিও উলটে যায়। পরবর্তীতে সবাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, ‘পল্লী বিদ্যুতের সামনে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলে পড়ে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
আরিফুর রহমান/কেজে/জেআইএম








