জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাজ্জাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদের বাড়ি উপজেলার পুন্ডরিয়া গ্রামে। তিনি জাকের হোসেন বাবুর ছেলে।
জানা গেছে, সাজ্জাদ হোসেন তিলকপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পাঠানধারা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশিদ পিন্টু বলেন, সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবন যাপন করতেন বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে এখনো আমার কাছে কোনো তথ্য আসেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’








