খুলনা পুরাতন জেলা কারাগার থেকে মো. ইমন মাঝি নামে এক বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ফের গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে তিনি সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এরপর কেএমপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিমের সহযোগিতায় তাকে জেলার লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, পলাতক বন্দি মো. ইমন মাঝি আবদুল মাঝির ছেলে। তিনি খুলনা মহানগরের লবণচরা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলায় জিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সূত্র আরও জানায়, সোনাডাঙ্গা থানায় চুরির মামলায় তিনি আসামি ছিলেন। ওই মামলায় গ্রেফতার হওয়ার পর ১৩ জুন থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।
আরও পড়ুন
উপবৃত্তির টাকা যেত শিক্ষকের স্বামীর মোবাইলে, জানতো না শিক্ষার্থী
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পলাতক বন্দিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এক পর্যায়ে খুলনা জেলার লবনচরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে কেএমপি'রসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান চালিয়ে জেল পলাতক আসামি মো. ইমন মাঝিকে গ্রেফতার করেছে। তাকে নিয়ে খুলনা জেলা কারাগারে আনা হয়েছে।
খুলনা জেল সুপার আবু ছায়েম জানান,তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারারক্ষীদের দায়িত্বে অবহেলার বিষয় তদন্ত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুর রহমান/এনএইচআর








