খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইতি (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের বোন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।







