খুলনা সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও দুটি ইজিবাইকের ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টার দিকে নগরীর হরিণটানা থানা এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ট্রাকটি উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা অপর একটি ইজিবাইক ট্রাক ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ইজিবাইকের চালক দিদারুল হক (৩০) ও যাত্রী তাপস হোর (৬০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন ৮ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে লবণচরা ও হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।
নিহত দিদারুল হক পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত শেখ ওবায়দুল হকের ছেলে। নিহত তাপস হোর একই এলাকার মৃত বিনোধর হোরের ছেলে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।








