আর্জেন্টিনার বিপদের ত্রাতা যেন ক্রিস্তিয়ান রোমেরো। রক্ষণভাগ তো তিনি সামলাচ্ছেনই। প্রয়োজনের মুহূর্তে গোল করে দলকে উদ্ধারও করছেন। ডিফেন্ডার থেকে হঠাৎ কী করে স্ট্রাইকার বনে গেলেন—কোয়ার্টার ফাইনালের আগে এই প্রসঙ্গে হাস্যরসাত্মক উত্তর দিয়েছেন তিনি। উল্লেখ করেছেন কোচ লিওনেল স্কালোনির কথাও।

আলোচনা মূলত আর্জেন্টিনা-মিসর বহুল আলোচিত শেষ ষোলোর ম্যাচ নিয়ে। আটলান্টায় ৭ জুলাই একটা পর্যায়ে আলবিসেলেস্তেদের বিদায়ঘণ্টা বেজেই গিয়েছিল। শেষ ১৩ মিনিটের ম্যাজিকে আর্জেন্টিনা জিতে উঠেছে কোয়ার্টার ফাইনালে। যার শুরুটা করেন ৭৯ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে রোমেরো দুর্দান্ত এক হেডে গোল দিয়ে।

কানসাসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হচ্ছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল। শেষ আটের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন আসেন রোমেরো, তখন আলোচনায় মিসর ম্যাচে হেডে তাঁর সেই দুর্দান্ত গোল। গতকাল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রসিকতার সুরে আর্জেন্টিনার ডিফেন্ডার বলেন, ‘স্ট্রাইকারের মতো সামনে উঠে যাওয়াটা ছিল আবেগের মতো। ২-০ গোলে পিছিয়ে থাকলে এমন কিছু করতেই হয়। এটা কোচের কোনো নির্দেশ ছিল না। স্কালোনি যদি আমাকে সেই অবস্থায় দেখতেন, তাহলে আমাকে মেরেই ফেলতেন।’

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষভাগে এসে পড়েছে। গত রাতে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে স্পেন নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। টুর্নামেন্টের প্রথম সেমিতে স্প্যানিশরা খেলবে ফ্রান্সের বিপক্ষে। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়ার মতে স্পেন-ফ্রান্সের মধ্যে যেকোনো একদলই এবার বিশ্বকাপ জিতবে।

রোমেরোর কাছেও জিজ্ঞেস করা হয়েছে কোর্তোয়ার বক্তব্যের ব্যাপারে। যদিও বেলজিয়ান গোলরক্ষকের কথা নিয়ে কিছু ভাবতে চান না রোমেরো। গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘আমাদের পুরো মনোযোগ আগামীকালের ম্যাচে। ম্যাচটি কঠিন হবে এবং কোনো খেলোয়াড় কী ভাবছে বা কী বলেছে, সেদিকে আমরা গুরুত্ব দিই না। প্রত্যেকেরই নিজস্ব মতামত ও চিন্তাভাবনা রয়েছে।’

শেষ ষোলোর ম্যাচের আগেও দেখা গেছে মেসি-রোমেরো জুটি। ৪ জুলাই মায়ামিতে শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে মেসির অ্যাসিস্টে গোল করেন রোমেরো। যেটা ছিল ম্যাচে আর্জেন্টিনার তৃতীয় গোল। তবে সেটা কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্জেসের নামে লেখা হয়েছিল। সেই ম্যাচে ৩-২ গোলে জয়ের পর আর্জেন্টিনা একই ব্যবধানে শেষ ষোলোতে জিতেছিল মিসরের বিপক্ষেও।

ডালাসে ১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন-ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ। আর আর্জেন্টিনা আগামীকাল সুইজারল্যান্ডকে হারালে উঠে যাবে সেমিতে। শেষ চারে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। মায়ামিতে আজ বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে গড়াবে ইংল্যান্ড-নরওয়ে শেষ আটের ম্যাচ। এই দুই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। বাংলাদেশ সময় ১৫ জুলাই রাত ১টায় শুরু হবে শেষ চারের এই ম্যাচ।