গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন।

এর আগে, আজ সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ি এলাকার ক্লাব মোড় সংলগ্ন ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ঝুটজাতীয় দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।  অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।