ক্ষেতলালে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছে আবু হায়াত নামে ডাকাতদলের এক সদস্য। হায়াত উপজেলার আলমপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। জানা গেছে, ৯ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় আবু হায়াতের মা তাহেরা বেগম মারা যান। মায়ের মৃত্যুতে ১০ জুলাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে আবু হায়াতকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে শুক্রবার তাকে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি মুক্তারুল আলম জানান, প্যারোলে মুক্তি পাওয়া আবু হায়াত মূলত ডাকাতদলের সক্রিয় সদস্য। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মায়ের মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় আইনি প্রক্রিয়া মেনে তাকে সাময়িক প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। দাফন কার্যাক্রম শেষ হওয়ার পরপরই কড়া নিরাপত্তায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।