কুমিল্লায় ডিবি পুলিশকে ফাঁকি দিয়ে ১ লাখ পিস ইয়াবা নিয়ে উধাও এক মাইক্রোবাসচালক। তার নাম আবদুল মালেক ওরফে হাসান মাঝি। ডিবির চৌকস টিমকে ধোঁকা দিয়ে গ্যাস সিলিন্ডারে করে এই ইয়াবা নিয়ে উধাও হয় ওই চালক। চালকের অভিনব কৌশল নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে ব্যাপক আলোচনা চলছে। ঘটনাটি ১৯ জুনের হলেও মঙ্গলবার তা প্রকাশ পায়।
এদিকে ওই ইয়াবার চালান নিয়ে মাদক ব্যবসায়ী এবং ক্যারিয়ারদের মধ্যে চলছে নানা বিরোধ। পুলিশকে ফাঁকি দিয়ে মালিকের সঙ্গেও তারা প্রতারণা করে পালিয়ে বেড়াচ্ছে। ১৯ জুন সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া থেকে স্থানীয় মাইক্রোবাস চালক হাসান মাঝি এবং তার সহকারী সৈয়দ নুর ওরফে নুরুল আমিন ১ লাখ পিস ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মাইক্রোবাসটি আটক করে ডিবির এসআই পবিত্র সরকার ও সঙ্গীয় ফোর্স। তার তল্লাশি করে ইয়াবা না পেয়ে মাইক্রেবাসটি ছেড়ে দেয়। এ প্রসঙ্গ ডিবির এসআই পবিত্র সরকার বলেন, মাইক্রোবাসের ন্যূনতম কোনো অংশে তল্লাশি বাকি রাখিনি। তবে গ্যাস সিলিন্ডারে ইয়াবা থাকতে পারে তা ধারণায় ছিল না। সোর্সের তথ্য সঠিক নয় ভেবে আমরা মাইক্রোবাসটি ছেড়ে দিয়েছি। এখন জানতে পারলাম গ্যাস সিলিন্ডারে ১ লাখ ইয়াবা ছিল। আমরা ওই মাইক্রোবাস এবং চালককে আটকের চেষ্টা করছি।







