কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফারুক হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মৃতরা হলো- পোমকাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ইমরান (৮) এবং আওয়াল মিয়ার ছেলে জোনায়েদ (৮)

নিহতদের চাচা সবুজ আহমেদ বলেন, দুপুরে তার ছেলে বায়েজীদ দুই চাচাতো ভাই ইমরান ও জোনায়েদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা শেষে গোসল করতে পুকুরে নামে। এক পর্যায়ে ইমরান ও জোনায়েদ তলিয়ে যায়। এ সময় বায়েজীদ খবর দেয়। পরে সবাই মিলে দ্রুত দুই জনকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে অবগত রয়েছি। এ ব্যাপারে কারো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ