কুমিল্লায় কর্তব্যরত অবস্থায় শরিফুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা শরীফুল কোতোয়ালি মডেল থানার এএসআই পদে কর্মরত রয়েছে।
মঙ্গলবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ওই রাতে নগরীতে টহল কর্তব্যরত ছিলেন এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স। নগরীর থিরাপুকুরপাড় এলাকায় বিশ্বকাপ ফুটবল দেখার সময় একদল যুবক আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এতে ওই পুলিশ কর্মকর্তা তাদেরকে থামাতে গেলে ভিড়ের মাঝখান থেকে তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়।








