চলমান ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে কুমিল্লায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে শরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় ঘটনাটি ঘটে। একই ম্যাচ ঘিরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। কুমিল্লায় নিহত শরিফুল নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে একটি চায়ের দোকানে আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় আর্জেন্টিনার সমর্থক হিসাবে পরিচিত স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামে দুজন শরিফুলের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কুমার দাস বলেন, রাতে ফুটবল খেলা দেখার সময় দুই সমর্থক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আমরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মাভাবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনের সামনে মঙ্গলবার রাতে সংঘর্ষ হয়। জানা গেছে, তৃতীয় একাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুল কুদ্দুস আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ভবনের জানালার কাচ ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।