কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী বাহিনী এ তথ্য জানিয়েছে।

কুয়েত জানিয়েছে, ইরান আবারো তাদের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল টানা চতুর্থ দিনের মতো এ ধরনের হামলা, যার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগে যায়। আগুন নিভিয়ে ফেলা হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে এবং মেরামতের কাজ চলছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার কুয়েতে তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তারা জর্ডানে একটি মার্কিন সামরিক স্থাপনায়ও হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তারা মঙ্গলবার সকালে ঘাঁটিটিতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। ঘাঁটিটি তেহরানের বিরুদ্ধে হামলার জন্য উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন কোম্পানি অ্যামাজনের অবকাঠামোতে হামলা চালিয়েছে।

বাহরাইনের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।