ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরের একটি শিশু ক্যানসার হাসপাতালের কাছে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ জুলাই) রাতে আহভাজের বাসিন্দারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান। এই হামলাকে ‘কাপুরুষোচিত যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে মুখপাত্র বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর শিশুদের ক্যানসার চিকিৎসার একটি বিশেষায়িত কেন্দ্র শহিদ বাকেই হাসপাতাল রাতেই খালি করে নেওয়া হয়।

তিনি জানান, হামলার ফলে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা ব্যাহত হয়।

ইসমাইল বাঘাই বলেন, এই বর্বর হামলায় হাসপাতালে ভর্তি শিশুদের চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে পড়তে হয়েছে। কেমোথেরাপি নেওয়া ২১১ জন শিশুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। মার্কিন এই হামলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরায়েলের হামলার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, জীবনের জন্য লড়াই করে যাওয়া মানবজাতির সবচেয়ে নিষ্পাপ সদস্য শিশুদের বিরুদ্ধে এই হামলা একটি কাপুরুষোচিত যুদ্ধাপরাধ।

যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া দেশগুলোর সমালোচনা করে তিনি আরও বলেন, যারা সবসময় মানবাধিকারের কথা বলে, কিন্তু হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্য করে হামলার ঘটনায় ইচ্ছাকৃতভাবে নীরব থাকে, তারা তাদের নৈতিক বিশ্বাসযোগ্যতার সবটুকুই হারিয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি/ইরনা

কেএম