রাজধানীর লালবাগ থানাধীন ঘোড়াপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এস আই) মো. আনিছুর রহমান রহমান বলেন, খবর পেয়ে আমরা লালবাগ ২৪ নং ওয়ার্ড ঘোড়া পট্টি এলাকায় গিয়ে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আশপাশের লোকের মুখে জানতে পেরেছি ঘোড়া পট্টি এলাকায় রাস্তা পার হতে গিয়ে বুলডোজারের চাকায় পিষ্ট হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বুলডোজার জব্দ করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/ইএ