মাঠের সবুজ গালিচায় যখন আজকের রেফারি শেষ বাঁশি বাজাবেন, তখন এক দলের ঘরে আসবে জয়ের আনন্দ, আর অন্য দল স্তব্ধ হবে পরাজয়ের বেদনায়। তবে ফুটবলপ্রেমীদের কাছে আজ জয়-পরাজয়ের চেয়েও বড় এক বিষাদের মুহূর্ত অপেক্ষা করছে। বর্তমান ফুটবল দুনিয়ার দুই মহানায়কের যেকোনো একজনের জন্য আজকের ম্যাচটিই হতে পারে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বিদায়ের ক্ষণ। হয়তো আজকের পর আর কখনোই দেশের জার্সিতে দেখা যাবে না পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে, কিংবা ক্রোয়েশিয়ার জার্সিতে নিজের বুটজোড়া চিরতরে তুলে রাখবেন শান্ত চোখের জাদুকর লুকা মদ্রিচ। ​৪১ বছর বয়সী রোনালদো এবং ৪০ ছুঁইছুঁই মদ্রিচ দুজনেই এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। এক সময় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব জয় করেছিলেন এই দুই তারকা। রিয়ালের হয়ে একসঙ্গে ২২২টি ম্যাচ খেলে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা-লিগাসহ মোট ১৩টি শিরোপা জিতেছেন। ক্লাব ফুটবলের সেই সোনালি দিনগুলো পেছনে ফেলে আজ তারা মুখোমুখি দেশের জার্সিতে, যেখানে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো হাড়ের ভেল্কি দেখাতে প্রস্তুত দুজনেই। ​পর্তুগালের হয়ে ইতোমধ্যে ইউরো জয় করা রোনালদো চান ক্যারিয়ারের এই শেষ বেলায় অমরত্বের গল্পটা পূর্ণাঙ্গ করতে। অন্যদিকে, ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলা লুকা মদ্রিচও চান শেষবারের মতো শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হতে। কিন্তু নকআউটের নির্মম নিয়তি আজ তাদের এমন এক মোহনায় এনে দাঁড় করিয়েছে, যেখান থেকে যেকোনো একজনকে বিদায় নিতেই হবে। আজ ম্যাচ শেষে যিনিই হেরে মাঠ ছাড়বেন, তার চোখের জল কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়কে ভিজিয়ে দেবে। টেলিভিশন স্ক্রিন কিংবা গ্যালারির দর্শকরা আজ হয়তো দেশের সীমানা ভুলে শুধু তাকিয়ে থাকবেন দুই কিংবদন্তির দিকে। নকআউটের নিষ্ঠুর নিয়মে দুজনের একসাথে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ নেই, তাই আজ রাতে স্কোরবোর্ড যা-ই বলুক না কেন, ফুটবলবিশ্বের জন্য দিনটি শুধুই কান্নার।