চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়ে উৎকোচ নেওয়ার অভিযোগে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ মোটরসাইকেল, আনসার সদস্যদের টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদের একটি পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি বাহিনীর নজরে আসার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক তদন্ত শুরু করা হয়।
তদন্তে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম পতেঙ্গা সি-বিচ এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. হাছিব বিশ্বাস ও মো. আরিফুল ইসলাম নিয়মবহির্ভূতভাবে একটি মোটরসাইকেলকে এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলের অনুমতি দিয়ে উৎকোচ গ্রহণ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের দুজনকে সঙ্গে সঙ্গে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খলা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সর্বোচ্চ মান বজায় রেখে দায়িত্ব পালন করে আসছে। দুর্নীতি, চাঁদাবাজি, উৎকোচ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার কিংবা জনগণের আস্থা ক্ষুণ্ন করে এমন কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ রয়েছে।
এছাড়া বাহিনীর সব সদস্যকে দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম, অবৈধ আর্থিক লেনদেন বা বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
টিটি/ইএ








