‎লালমনিরহাটের সদর উপজেলায় আট বছরের শিশু ধর্ষণের দায়ে আসামি সুজন মিয়াকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন। সাজাপ্রাপ্ত সুজন মিয়া লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

‎আদালত ও মামলার বিবরণে প্রকাশ, ২০১৯ সালে ৩১ মে বিকেলে ৮ বছর বয়সের শিশু তার মায়ের সঙ্গে লালমনিরহাট আদালত পাড়ায় আসে। তারা সেখানে বাসের জন্য অপেক্ষা করছিল। আদালত চত্বর ঘুরে দেখানোর কথা বলে ওই শিশুকে আদালতের পিছনে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় দূর সম্পর্কের আত্নীয় সুজন মিয়া। সেখানে সুজন ওই শিশুকে ধর্ষণ করে ফেলে চলে যায়। ওই শিশু কান্না করতে করতে তার মায়ের কাছে আসে। 

ওই শিশুর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুজন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামির জরিমানার অর্থ ক্ষতিপূরণ বাবদ ওই শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দেওয়া হয়।

‎মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি লুৎফর রহমান বলেন, এটি চাঞ্চল্যকর ঘটনা ছিল। খোদ আদালত চত্বরের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে এমন পাশবিক নির্যাতন চালানো হয়। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।