রিয়াল মাদ্রিদে ছয় বছর কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। একসঙ্গে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বিশ্বকাপের নকআউট মঞ্চে এবার তারা হতে যাচ্ছেন একে অন্যের ঘাতক। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় কানাডার টরন্টোয় শেষ বত্রিশের ধুন্ধুমার লড়াইয়ে মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়া। জিতলে শেষ ষোলো, হারলে বিদায়। ৪১ বছর বয়সি রোনাল্ডো ও ৪০ বছর বয়সি মদরিচের জন্য বিদায় মানে কার্যত আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি। দুই কিংবদন্তির যে কোনো একজনের জন্য এটি হতে যাচ্ছে দেশের জার্সিতে শেষ ম্যাচ।

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম চল্লিশ পেরোনো দুজন আউটফিল্ড খেলোয়াড় মুখোমুখি হচ্ছেন। ফিফা র‌্যাংকিংয়ে পর্তুগালের চেয়ে ছয় ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া। দুদলের আগের ১০ ম্যাচের সাতটিতেই জিতেছে পর্তুগাল। কিন্তু বিশ্বকাপে বরাবরই ভিন্ন দল ক্রোয়াটরা। মদরিচের নেতৃত্বে ২০১৮ আসরে রানার্সআপ ও ২০২২ আসরে তৃতীয় হওয়া দলটি এবার গ্রুপপর্বে তিন ম্যাচের দুটিতে জিতেছে। হেরেছে ইংল্যান্ডের কাছে। অন্যদিকে ডিআর কঙ্গো ও কলম্বিয়ার সঙ্গে ড্র করা পর্তুগালের একমাত্র জয় নবাগত উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে জোড়া গোল করা রোনাল্ডো বাকি দুই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। শুরুর একাদশে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারের জন্য বিষয়টি বিব্রতকর। বিশ্বকাপের নকআউট ম্যাচে কখনো গোল করতে না পারা রোনাল্ডোর জন্য এটিই হতে পারে সেই আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ।

ক্রোয়েশিয়া দল পর্তুগালের মতো নক্ষত্রখচিত না হলেও তাদের আছে একজন মদরিচ। ৪০ বছর বয়সেও তিনি ক্রোয়াটদের মাঝমাঠের প্রাণভোমরা। এবার গোল না পেলেও বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন এই এসি মিলান তারকা। লড়াইয়ে নামার আগে মদরিচকে নিয়ে মুগ্ধতা ঝরল পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার কণ্ঠে, ‘লুকা আমার আদর্শ। আমার ধারণা, প্রায় সব ফুটবলারের কাছেই তিনি অনুপ্রেরণা। এই বয়সেও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে যাচ্ছেন তিনি। এটা দেখেও ভালো লাগে। তার জন্য শুভকামনা। তবে সামনের ম্যাচের জন্য নয়। কারণ, তাকে আমরা হারাতে চাই!’

এদিকে রোনাল্ডোর ফর্ম ও দলের পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স বলেছেন, ‘দুই ড্রয়ের অর্থ এই নয় যে, আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। সবাইকে শান্ত থাকতে হবে। আমরা শান্ত থেকেই ক্রোয়েশিয়া ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। জয়ের ব্যাপারে আমরা দারুণ আশাবাদী এবং পরের ধাপে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করব।’