বিশ্বকাপের মঞ্চে যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী মুখোমুখি হয়, তখন মাঠের লড়াইয়ের আগেই কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ফুটবল বিশ্ব। আজ রাতে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হচ্ছে স্পেন। তবে রেফারি বাঁশি বাজানোর আগেই মাঠের বাইরের পারদ চড়িয়ে দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি।ডালাসের কটন বোল স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে পর্তুগিজদের প্রচ্ছন্ন এক হুমকি দিয়ে তিনি দাবি করেছেন, পর্তুগালের চেয়ে স্পেনের মিডফিল্ড অনেক বেশি শক্তিশালী ও সেরা। ব্যালন ডি'অর জয়ী রদ্রি, পেদ্রি এবং দানি ওলমোদের নিয়ে গড়া স্পেনের তারকাখচিত মাঝমাঠের মুখোমুখি হবে পর্তুগালের ভিতিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেস ত্রয়ী। মহাযুদ্ধের আগে এই মনস্তাত্ত্বিক লড়াই ভক্তদের মনে অন্যরকম রোমাঞ্চ তৈরি করেছে।অতীতের হারের প্রতিশোধ নাকি পর্তুগালের শ্রেষ্ঠত্ব প্রকাশের মঞ্চ?দুই দলের ফুটবলীয় ইতিহাস বরাবরই রোমাঞ্চে ঠাসা। সবশেষ নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই পরাশক্তি। সেবার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জয় উল্লাসে মেতেছিল পর্তুগাল। সেই ক্ষত এখনো দগদগে স্প্যানিশ শিবিরে। অন্যদিকে, বর্তমান পর্তুগাল দলটিকে ভাবা হচ্ছে তাদের ইতিহাসের অন্যতম শক্তিশালী দল।রদ্রি নিজেও প্রতিপক্ষকে সমীহ করে বলেছেন, "ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। ওরা আমাদের খুব ভালো করে চেনে, আমরাও ওদের চিনি। আমার মতে, পর্তুগাল তাদের ইতিহাসের অন্যতম সেরা, বা সম্ভবত সর্বকালের সেরা দল নিয়ে এবার এসেছে। পরের রাউন্ডে যেতে হলে আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে।"তবে পর্তুগালের মাঝমাঠের ত্রয়ীকে বিশ্বের সেরা মানতে নারাজ রদ্রি। নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "নিজের দল এবং নিজের মিডফিল্ডই সেরা। ওদের দলে একঝাঁক তারকা ও শীর্ষ সারির খেলোয়াড় রয়েছে, যারা দলগতভাবেও দারুণ খেলে। ওদের প্রায় সব পজিশনেই শক্তি আছে, তবে আমরা মাঠে প্রমাণ করতে চাই যে আমরাই সেরা।"চোট কাটিয়ে চেনা ছন্দে রদ্রি, নকআউটে স্পেনের আসল রূপ দেখার অপেক্ষা২০২৪ সালে ব্যালন ডি'অর জেতার পর থেকেই চোটের কারণে বেশ কঠিন সময় পার করতে হয়েছে রদ্রিকে। এমনকি এই টুর্নামেন্টের শুরুতে স্প্যানিশ গণমাধ্যমে তাকে নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছিল। তবে নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি এখন ধীরে ধীরে নিজের চেনা ছন্দে ফিরছেন।নিজের ফিটনেস নিয়ে আশাবাদী রদ্রি বলেন, "এখন পুরোপুরি ফিট বোধ করছি। ম্যাচের ৯০ মিনিট জুড়েই আমার পারফরম্যান্সের উন্নতি হচ্ছে, আর আমি জানি আসল ম্যাচগুলো এখনই শুরু হচ্ছে; এটা স্পষ্ট যে আমার আরও উন্নতি করার জায়গা আছে। টুর্নামেন্ট যত এগোবে, আমাদের পারফরম্যান্স তত বাড়বে। পর্তুগালের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হবে।"চলতি বিশ্বকাপে স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি, যা তাদের রক্ষণ ও মাঝমাঠের জমাট বাঁধুনির প্রমাণ দেয়। গ্রুপ পর্বের ধারাবাহিকতা নিয়ে রদ্রি যোগ করেন, "আমরা আরও ভালো করতে পারি। এই ধরনের টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি ঠিক কোন মুহূর্তে করতে হবে। গ্রুপ পর্বে মূলত দল গুছিয়ে নেওয়া এবং ফল বের করে আনাটা জরুরি ছিল, তবে এখন নকআউট পর্বে এসে স্পেনের আসল রূপ দেখা যাচ্ছে; সামনে বড় কিছু হতে চলেছে।"শিষ্যের সুরে সুর মেলালেন স্প্যানিশ মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তেঅধিনায়ক রদ্রির এই আত্মবিশ্বাসী সুরের প্রতিধ্বনি শোনা গেছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কণ্ঠেও। শিষ্যের দাবিকে সমর্থন জানিয়ে নিজের মিডফিল্ডকে বিশ্বের সেরা দাবি করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসও নিশ্চয়ই তার খেলোয়াড়দের নিয়ে আমার মতোই ভাবেন। আমি জানি প্রতিপক্ষ দল হিসেবে ওরা অসাধারণ, কিন্তু আমি মনে করি আমার খেলোয়াড়রাই বিশ্বের সেরা।"
রাজনীতি
লড়াইয়ের আগেই বারুদে হাওয়া

শেয়ার করুন







