বিশ্বখ্যাত কে-পপ গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’-এর সদস্য লিসা এবং ফরাসি ব্যবসায়ী ফ্রেডেরিক আর্নো’র সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। প্রায় দুই বছর ধরে প্রেমের গুঞ্জনে থাকা এ জুটির বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়েই এখন ব্যস্ত ভক্তরা। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় লিসা ও ফ্রেডেরিকের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠান এবং ব্যক্তিগত ভ্রমণে তাদের উপস্থিতি বারবার আলোচনার জন্ম দেয়। যদিও দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।

সম্প্রতি ভ্যানিটি ফেয়ার-এ প্রকাশিত এক সাক্ষাৎকারের পর নতুন করে জল্পনা শুরু হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লিসা ও ফ্রেডেরিক ‘সম্ভবত তাদের সম্পর্কের ইতি টেনেছেন।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। ভক্তদের নজরেও এসেছে কয়েকটি বিষয়। চলতি বছরের শুরুতে লিসার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে ফ্রেডেরিককে দেখা যায়নি। বিশেষ করে বালিতে আয়োজিত জন্মদিনের পার্টিতে তার অনুপস্থিতি অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। এর পর থেকেই সম্পর্কের টানাপোড়েনের গুঞ্জন ছড়াতে শুরু করে।

সাক্ষাৎকারে লিসার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার বিষয়টিও নজর কেড়েছে। জানা গেছে, তার জনসংযোগ দলের পক্ষ থেকে সাক্ষাৎকার গ্রহণকারীকে ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত প্রশ্ন না করার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। এ সতর্ক অবস্থানও বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

তবে প্রেম কিংবা বিচ্ছেদ, কোনো বিষয়েই এখনো প্রকাশ্যে মুখ খোলেননি লিসা বা ফ্রেডেরিক। ফলে সবকিছুই এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বললেও খ্যাতি ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন লিসা। তিনি বলেন, ‘আমি যখন প্রকাশ্যে বলেছিলাম যে আমার জীবনে ব্যক্তিগত গোপনীয়তা খুব কম, তখন থেকে ভক্তরা বিষয়টি অনেক বেশি সম্মান করতে শুরু করেছে। কখনো কখনো সবকিছু একটু বেশিই হয়ে যায়, আর তখন আমি শুধু সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করতে চাই।’

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চললেও পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন লিসা। সম্প্রতি ব্ল্যাকপিঙ্কের বিশ্বভ্রমণ ‘ডেডলাইন ট্যুর’ শেষ করেছেন তিনি। পাশাপাশি নিজের প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, নতুন গান প্রকাশ এবং অভিনয় ক্যারিয়ার নিয়েও মনোযোগী রয়েছেন।