বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মে মাসে প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা করা হয়েছিল।
নতুন দাম আজ মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ফার্নেস তেলের দাম কমানোর তথ্য জানানো হয়েছে।
এর আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার চতুর্থবারের মতো দাম সমন্বয় করা হলো।
বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এনএস/এমআইএইচএস








