ফেনীর দাগনভূঞায় মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জুলাই) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান এই রায় ঘোষণা করেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাইফুল ইসলাম ও নিপু কুমার দাস। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আসামি আজাদকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আজাদ ও নিপু আদালতে উপস্থিত ছিলেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনী গ্রামে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ করেন সাইফুল ইসলাম। এ সময় প্রবাসীর মা বাধা দিলে তাকে ঘর থেকে বের করে পাশের একটি ব্রিজের ওপর নিয়ে ধর্ষণ করেন আজাদ ও নিপু।এ ঘটনায় ১১ আগস্ট দাগনভূঞা থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। ২০১৯ সালের ২০ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হলো।আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ বলেন, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’