পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গ্রেপ্তার থাকা দুই কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়।রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এই অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বাধ্যতামূলক অবসরে পাঠানো ৩৩ কর্মকর্তার মধ্যে ডিআইজি পদে ১৪ জন, অতিরিক্ত ডিআইজি পদে ১৮ জন এবং পুলিশ সুপার পদে ১ জন রয়েছেন।উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদা, রাজশাহীতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডিআইজি মো. সাইফুল ইসলাম। প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, এই দুই কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।এছাড়া অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ ও ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, রংপুর রেঞ্জে সংযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি জিহাদুল কবির, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি শ্যামল কুমার নাথ, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মাহবুবুর রহমান এবং সিলেট রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান।অতিরিক্ত ডিআইজিদের মধ্যে রয়েছেন- মো. বরকতুল্লাহ খান, টি.এম. মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুন্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম এবং মো. মাশরুকুর রহমান খালেদ।এছাড়া ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আরেফকেও একযোগে অবসরে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুযোগ-সুবিধা (পেনশন ও অন্যান্য) পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।