চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে সাত ঘণ্টা পর মোহাম্মদ সায়েম (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নতুন বাস্তপুর শামরার মাঠ এলাকার মরাগাঙ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।সায়েম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।শুক্রবার দুপুর ১২টার দিকে ছোট চাচা জাকির হোসেনের সঙ্গে মরাগাঙ খালে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় সায়েম। এ সময় মাঠ থেকে নেমে আসা প্রবল স্রোতে সে খালের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান পাননি।পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে সহায়তার জন্য খুলনা থেকে বিশেষ ডুবুরি দল তলব করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনার ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। টানা ২ ঘণ্টার অভিযানের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সায়েমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।সায়েমের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।\