রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মোশারফ উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে৷
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মোশারফ তার মাছের ঘেরে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন এক পথচারী। মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে স্থানীয়দের ধারণা।
কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
রুবেলুর রহমান/এফএ/এএসএম








